দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামী নির্বাচনে জয়লাভ করতে না পেরে দিশেহারা হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খোকন তালুকদার বলেন, যাদের রাজনীতির জন্মই হয়েছে চাঁদার টাকায়, তারাই এখন বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের নিয়েও মন্তব্য করেন তিনি। খোকন তালুকদার বলেন, বর্তমানে যারা এনসিপির নেতৃত্বে আছেন, তারাও বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছেন এবং প্রধানমন্ত্রীকে নিয়ে আবোল-তাবোল বলছেন।
তিনি আরও বলেন, তাদের বিগত দিনের ইতিহাস দেখলে দেখা যায়, তারা আওয়ামী লীগের স্লোগান দিতে দিতে মুখ ব্যথা করে ফেলেছেন। এখন তারাই আওয়ামী লীগের বিরোধিতা করছেন। একই সঙ্গে তারা বিএনপিকেও ছোট করার চেষ্টা করছেন।
অনুষ্ঠানে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ ও ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএস/